[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

জুলাই আন্দোলনে শহীদ মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১৩:৫৭

ছবিঃ আলোকিত গৌড়

মঙ্গলবার (১১ মার্চ) সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ ফাউন্ডেশন (সিএসএস) নামক একটি গবেষণা প্রতিষ্ঠান ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া মাদরাসা (কওমি ও আলিয়া) শিক্ষার্থী ও আলেমদের আংশিক তালিকা প্রকাশ করেছে। সিএসএসের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় প্রাথমিকভাবে ৪২ জন শহীদের নাম, স্থায়ী ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের পর তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তালিকার গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ১৪টি আবশ্যিক তথ্য ও পাঁচটি যাচাইকরণ নথির ভিত্তিতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।  

সিএসএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, যাচাইকরণ প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় কিছু শহীদের নাম এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। তবে এই বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। শিগগিরই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।  

এই তালিকা ভবিষ্যতে ইতিহাস সংরক্ষণ, গণহত্যার স্বীকৃতি নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। শহীদদের স্মৃতি অমর করে রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সাধারণ আলেম সমাজ’-এর সার্বিক সহযোগিতায় মিরাজ রহমান ও সালাহউদ্দীন জাহাঙ্গীর ব্যক্তিগত প্রচেষ্টায় এই অনুসন্ধান প্রক্রিয়ার কাজ সম্পন্ন করেন।  

এই তালিকা প্রকাশের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদদের অবদান ও ত্যাগকে স্মরণ করা হচ্ছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর