জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার যোগদানের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, আবদুর রশিদ জিতু বিএনপির মূল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।”
এ সময় জিতুর সঙ্গে জাকসুর বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতা ছাত্রদলে যোগ দেন। তাদের মধ্যে রয়েছেন শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও সাধারণ সম্পাদক (জিএস) মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মণ্ডল। তবে তারা যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
এ ছাড়া নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ছাত্রদলে যোগ দিয়েছেন।
আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক। তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
জুলাই আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন যৌক্তিক আন্দোলনে তিনি প্রথম সারিতে অংশ নেন। জুলাই আন্দোলনের মধ্য দিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার পরিচিতি ও জনপ্রিয়তা বৃদ্ধি পায়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: