[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

আবার উত্তাল চুয়েট: ভিসি ভবন ছাড়তে উপাচার্যকে আলটিমেটাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১৪:০৮

সংগৃহিত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে দুপুর ১২টার মধ্যে ভিসি ভবন ছাড়ার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ছাড়লে সেখানে তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিসি ভবনের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

চুয়েটের শিক্ষার্থী ফাইয়াজ কৌশিক জাগো নিউজকে বলেন, ছাত্রদলের পাহারায় উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন। বিষয়টি জানতে পেরে সাধারণ শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। উপাচার্যকে দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ছাড়লে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে সোমবার সকালে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর