দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর আপিলের প্রক্রিয়া শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
তিনি বলেন, ‘রায়ের বিষয়টি আমরা শুনেছি। আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলেই আমরা আপিল করব।’
এর আগে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।
বুধবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেন আদালত।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: