[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চারটি বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর বিওপি সীমান্তে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩ ব্যাটালিয়ন বিজিবি।

বিজিবি সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর গুলি করার ঘটনার পর সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে দুস্কৃতিকারীরা।

এরই ধারাবাহিকতায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রেখেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর