[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

প্রথম দিনেই উত্তেজনা: চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার পোড়ানোর অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১৩:০৮

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হতেই নির্বাচনী উত্তেজনার সৃষ্টি হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ও ফেস্টুন আগুনে পুড়িয়ে এবং ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক প্রার্থীর পক্ষ থেকে।

বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নসহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল দাবি করেন, প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করতে এসব কর্মকাণ্ড চালিয়েছে। তিনি জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে।

নূরুল ইসলাম বুলবুলের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তার কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় গিয়ে পুড়ে যাওয়া ও ছেঁড়া ব্যানার-ফেস্টুন দেখতে পান। তিনি বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে তারা মনে করছেন। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, ব্যানার পোড়ানো কিংবা ফেস্টুন ছিঁড়ে ফেলার মাধ্যমে দাঁড়িপাল্লার অগ্রযাত্রা থামানো যাবে না। পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সে জন্য তিনি দলের নেতাকর্মীদের সংযম বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিপক্ষ প্রার্থীর প্রতি নিজ দলের কর্মীদের নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তিনি। নির্বাচনী পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন জামায়াত প্রার্থী।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে মোট পাঁচজন প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন— জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মনিরুল ইসলাম এবং জেএসডির মো. ফজলুর ইসলাম খাঁন।

এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৮২৯ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৬৫০ জন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর