[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সদরে নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১৮:৫২

ছবি (আলোকিত গৌড়)

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার মহারাজপুর ফিল্টার হাট সংলগ্ন কারাবালা স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় ঐক্য জোটের চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। জনসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফরী, নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, অধ্যাপক মুখলেশুর রহমান, সদর উপজেলার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফাসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, “দাঁড়িপাল্লায় আগুন দেওয়া মানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন দেওয়া।” এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বালুমহল দখলের রাজনীতির সঙ্গে জড়িতরাই এসব ষড়যন্ত্র করছে। দেশের জনগণ এ ধরনের চাঁদাবাজদের আর নির্বাচিত করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে। দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, জনগণের অংশগ্রহণে বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। নারীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার কথাও তুলে ধরেন তিনি।

এছাড়া তিনি ভোট কেনাবেচা, টাকা-পয়সা ও উপহারের রাজনীতি প্রত্যাখ্যান করে ভোটের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সবার কাছে ভোট ও দোয়া কামনা করেন।

অন্যান্য বক্তারা বলেন, নূরুল ইসলাম বুলবুল নির্বাচিত হলে তিন মাসের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বক্তব্য শেষে সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর