[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

শরীরের জন্য তামাক বড়'ই ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম বড়'ই ক্ষতিকর: পাপিয়া

এম. হাসান

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ২২:০২
আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১

ছবিঃ আলোকিত গৌড়

বেগম খালেদা জিয়া সম্মান নিয়ে পরলোকে গিয়েছেন। আজ কোটি কোটি জনতা বেগম খালেদা জিয়ার ৬৮ হাজার গ্রাম-গঞ্জে যে অবদান ও উন্নয়নের ছিটেফোঁটা রেখে গেছেন, তার প্রতিদান হিসেবে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেবে। “একটি কথা বলতে চাই- শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর; যেমন কাঠের জন্য উইপোকা খারাপ জিনিস” - এমন মন্তব্য করেছেন বিএনপির সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এখন বাংলাদেশে জামায়াতে ইসলামী আর বিএনপি- গোটা বাংলাদেশে কী হচ্ছে, প্রতিযোগিতা? তারা মনে করছে, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় চলে গিয়েছে। এমনই বডি ল্যাঙ্গুয়েজ, এমনই মিথ্যাচার আর এমনই ভাবভঙ্গি- যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে দুই-একটি কথা স্পষ্ট করে না বললেই নয়। আমি যখন ফেসবুকে দেখি নূরুল ইসলাম বুলবুলের কোনো নির্বাচনী ইশতেহার নাই, ওর ইশতেহার হচ্ছে হারুন যা বলবে, ওর বিরোধিতা করা। এটা কী করে ইশতেহার হয়? সে (বুলবুল) দুইবার ভোট করেছে ইশতেহারবিহীনভাবে। আজকে হারুন এমপি যদি বলে, আমি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন করবো, তখন ও (বুলবুল) বলে, আমি চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ চাই। সকল জেলায় যদি সরকার মেডিকেল কলেজ বানায়, তাহলে কি চলবে? 

জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা রাজশাহীতে মেয়েকে ভর্তি করছেন, চাঁপাইনবাবগঞ্জে সরকার মেডিকেল কলেজ বানালে তাহলে কি চলবে?

পাপিয়া বলেন, আর (বুলবুল) যদি ব্যক্তিগত উদ্যোগে ইসলামী ব্যাংক, ইবনে সিনা- এইসবের অর্থ দিয়ে বানায়, তবে বানাবে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার।

বিএনপি নেত্রী আরও বলেন, আজকে জামায়াতে ইসলামী গার্মেন্টসকে তিন কোটি বোরকা বানাতে দিয়েছে। আপনারা ইনকিলাব মঞ্চের ছেলেদের বোরকা পরিহিত অবস্থায় ফেসবুকে দেখেছেন। কী লুকাবেন জামায়াতের নেতারা?

সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, আপনারা সারাজীবন পৌরসভাতে জামায়াতে ইসলামীকে জিততে দেখেছেন। কী করেছেন তারা পৌরসভায়? দিয়াড়ের রাস্তা যত ভালো, পৌরসভার রাস্তা তার চেয়েও খারাপ। পৌরসভার লোকেরা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে জামায়াতে ইসলামী তাদের কর্মী পালে, কর্মীদের বেতন দেয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. হারুনুর রশীদ এবং রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ রহমত আলী প্রমুখ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর