[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

ভোলাহাটে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ: ‘ধানের শীষের জয়ে ঐক্যবদ্ধ কর্মীরা’

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ২০:৪৩

ছবি- আলোকিত গৌড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই কর্মসূচি শুরু হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আলরাজি জর্জের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খাইরুল ইসলাম, আলহাজ্ব মো. এনামুল হক ও মো. আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহা. মইনুদ্দিন, ১নং ভোলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান মেম্বারসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে বলেন, "আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ও ধানের শীষের আদর্শ রক্ষায় মাঠে নেমেছি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে প্রার্থী যেই হোক, ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"

বক্তৃতা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মেডিকেল) মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত প্রধান প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে নির্বাচনী আমেজ তৈরি করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর