বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে শহরের হেফজুল উলুম কামিল মাদ্রাসা মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর শাখার নায়েবে আমীর শফিক এনায়েতুল্লাহসহ পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের ওপর জুলুম চলে-এমন সরকার নয়, বরং একটি নতুন ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়তে চায় ১০ দলীয় ঐক্য জোট। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সরকার গঠন করে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট একটি আমানত। অর্থ, কাপড়, টাকা বা লুঙ্গির বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না। একটি ভোটেই দেশের সরকার গঠিত হয়। তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং বলেন, অতীতে ১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি কিংবা ফ্যামিলি কার্ডের মতো নানা প্রতিশ্রুতি ছিল প্রতারণামূলক।
তিনি আরও বলেন, আমরা ভোট কিনতে চাই না, বরং ভোটের আমানত রক্ষা করতে চাই। দেশ পরিচালনায় নৌকা ও ধানের শীষকে মানুষ দেখেছে, এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পরিবর্তনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যান্য বক্তারা বলেন, আন্দোলনের সময় অনেক দলের নেতাকর্মীদের মাঠে পাওয়া যায়নি। যারা মাদকের বিরুদ্ধে কথা বলে, তাদের মধ্যেই অনেকে মাদকের সঙ্গে জড়িত। বক্তারা নূরুল ইসলাম বুলবুলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
এসময় বক্তারা ফ্যামিলি কার্ড নিয়ে মিথ্যা প্রচারণা প্রত্যাখ্যান করেন এবং বলেন, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
শেষে সকল বক্তা নূরুল ইসলাম বুলবুলের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া চেয়ে তাদের বক্তব্য শেষ করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: