আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশাল নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলার ঐতিহাসিক ফুটানি বাজার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
১নং ভোলাহাট ইউনিয়ন জামায়াতের আমির মো. তাজামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইয়াহহিয়া খালেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মারুফুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি মো. সালাহ উদ্দিন সোহাগ, জেলা সেক্রেটারি মো. আব্দুল্লাহ, ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা সামসুজ্জামান আলকেশ, গোমস্তাপুর উপজেলা আমির মো. ইমামুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম কবির গোলাপ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, "বিগত দিনে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না। যারা দিনের ভোট রাতে করার চেষ্টা করবে, দেশের মানুষ তাদের কঠোরভাবে প্রতিহত করবে। আমরা আগামীতে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। ভারতের তাবেদারি মুক্ত দেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ১০ দলীয় জোট তথা জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়যুক্ত করুন।"
প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, "আমি নির্বাচিত হলে জনগণের আমানত রক্ষা করব। আমি আপনাদের এমপি নয়, বরং 'খাদেম' হতে চাই। এলাকার উন্নয়নে আমার কাছে কাউকে যাওয়া লাগবে না, আমি নিজেই আপনাদের সমস্যার সমাধানে কাজ করব ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা হবে।"
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: