চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো: হারুনুর রশীদ বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার বড় দায়িত্ব বিএনপির। আমরা ভোটকেন্দ্রে চুরি করতে যাব না, ভোটকেন্দ্রে কোনো অনিয়মও করতে যাব না। আমরা জাল ভোট দিতে দেব না, নিজেরাও জাল ভোট দেব না।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য কেউ যদি চক্রান্ত করে, দীর্ঘ পনেরো বছর এ দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে দেশকে গণতান্ত্রিক উত্তরণের পক্ষে নিয়ে আসার জন্য। প্রশাসন, রিটার্নিং অফিসারসহ সমস্ত প্রশাসনের উদ্দেশ্যে বলছি, জাতির এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করে দেওয়া।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই নির্বাচনে যেন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের মাধ্যমে ন্যূনতম কোনো অনিয়ম পরিলক্ষিত না হয়। যদি পরিলক্ষিত হয়, এই যে আজকে জনমত দেখছেন, নির্বাচনের ভোটকেন্দ্র থেকে কেউ বের হতে পারবেন না, কেউ বের হতে পারবেন না। আমাদের যেন পরিলক্ষিত না হয় যে নির্বাচনকে নিয়ে কোনো টালবাহানা বা অসৎ উদ্দেশ্য চলছে।
নির্বাচনী এই সভায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আতাউল হক কমলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: