[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:২৮

ছবি - সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম। শুরুতে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুখতার আলী।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ইসলামি বিশ্বকোষের পরিচালক মো. জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সম্মেলনে বক্তারা গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে। এ ক্ষেত্রে ইমাম ও ওলামায়ে কেরামদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

 

বক্তারা আরও বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের ব্যাপক প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। সেই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে গণভোটের পক্ষে জনমত গঠনে ইমাম ও ওলামা সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

ইমাম সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর