[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

উন্নয়ন ও দুর্নীতিমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার প্রতিশ্রুতি নূরুল ইসলাম বুলবুলের

আসাদুল্লাহ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হালুয়াবান্দা স্কুল মাঠে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, পৌর শাখার নায়েবে আমীর শফিক এনায়েতুল্লাহসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচিত হলে মহানন্দা নদীর ধার ঘেঁষে বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি সেখানে মেরিন ড্রাইভ ও একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিশুদ্ধ পানির সংকট নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তরুণ যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, হাসপাতালের কাঠামো আধুনিকায়ন, ট্রেন যোগাযোগ ব্যবস্থা চালু, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, জাতীয় সড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং আমসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “সারা বাংলাদেশে এখন দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে একটি পরিবারের দুই ভাইয়ের শাসন ও নির্যাতন দেখেছে। এবার মানুষ পরিবর্তন চায়।”

তিনি দুর্নীতি, মামলা বাণিজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “আমরা দুর্নীতি করব না, কাউকেও করতে দেব না। নিরাপদ ও শান্তিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলব।”

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, বিএনপির লোকেরা সারাদেশে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত এবং বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তারা বলেন, বিএনপি সংস্কার না চেয়ে কেবল নির্বাচন চায়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা-কর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন বলেও দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, “চাঁপাইনবাবগঞ্জকে আর চাঁদাবাজদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নূরুল ইসলাম বুলবুলকে বিজয়ী করতে হবে।”

শেষে বক্তারা নূরুল ইসলাম বুলবুলের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন এবং চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর