চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘বন্ধু রিকশা চালক সমিতি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র কলেজ মোড় সংলগ্ন মোহবুল্লাহ কলেজ মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।
বন্ধু রিকশা চালক সমিতির সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোহা. ইয়াজদানী আলিম আল রাজি জর্জ।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাহফিলে রিকশা চালকদের পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং শ্রমিকের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াজদানী আলিম আল রাজি জর্জ বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক, শ্রমিক ও দিনমজুরসহ সমাজের সর্বস্তরের মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সকল পেশাজীবী মানুষ সম্মানের সাথে বসবাস করবেন।" তিনি পবিত্র রমজান মাসে রিকশা চালক ভাইদের ধৈর্য ধারণ ও বেশি বেশি ইবাদত করার আহ্বান জানান।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কয়েকশ রিকশা চালক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: