[email protected] রবিবার, ১৫ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিকাংশ ফিলিং স্টেশন তেল সংকটে বন্ধ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:৪৮

ছবি- আলোকিত গৌড়

জ্বালানি তেলের সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ হয়ে পড়েছে। এতে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালককে এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে ঘুরতে দেখা যাচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পিটিআই ফুয়েল স্টেশন, বিশ্বরোড মোড়ে অবস্থিত মের্সাস হোসেন ফিলিং স্টেশন এবং সিসিটিভি মোড় সংলগ্ন ইসলাম ফুয়েল স্টেশনে গিয়ে সেগুলো বন্ধ পাওয়া যায়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলাতেও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে।

পিটিআই ফুয়েল স্টেশন কর্তৃপক্ষ জানায়, তেল সংকটের কারণে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে আবার তেল সরবরাহ আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ইসলাম ফুয়েল স্টেশনের ক্যাশিয়ার সেতাউর রহমান জানান, তাদের স্টেশনে পেট্রোল ও অকটেন শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে সীমিত পরিসরে ডিজেল বিক্রি করা হচ্ছিল, সেটিও প্রায় শেষের পথে।

এদিকে অনেক গ্রাহক এ সংকটকে ‘কৃত্রিম সংকট’ বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। তবে ফিলিং স্টেশন মালিকদের দাবি ভিন্ন। তাদের মতে, সরবরাহ কমে যাওয়ায় অনেক পাম্পে তেল শেষ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে বিক্রি বন্ধ রাখতে হচ্ছে।

তেল সংকটের বিষয়ে কথা বলতে রাজি হননি চাঁপাইনবাবগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আলিম।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, তেল সংকটের বিষয়টি জানা ছিল। তবে তেলের অভাবে ফিলিং স্টেশন বন্ধ থাকার বিষয়টি জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর