চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৩টার দিকে নাচোল বেগম মহসীন ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমানের মাধ্যমে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২০০ জনকে শাড়ি এবং ১৩০ জনকে দুই হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—নির্বাচিত হলে সকল মানুষের জন্য কাজ করবেন। জনগণের অধিকার থেকে কোনো অর্থ আত্মসাৎ করবেন না এবং বরাদ্দের সব সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও যেসব অনুদান আসবে তা যথাযথভাবে বাছাই করে প্রকৃত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে।
নাচোল পৌর আমির মো. মুনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াকুব আলী।
এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. রাজিয়া সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, সহকারী সেক্রেটারি মুহা. ইয়াহইয়া খালেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মো. আব্দুল্লাহ এবং এনসিপির নেতা মো. ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: