চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঈদের নামাজে একটি হিন্দু পরিবার ইসলাম গ্ৰহণ করেছেন। এ ঘটনায় উপস্থিত মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
২১ মার্চ (শনিবার) সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-মহেশপুর ঈদগাহ মাঠে পবিত্র ঈদের নামাজ শেষে পরিবারটির ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।
জানা যায়, নও মুসলিম আব্দুর রহমান (পূর্বের নাম রাজকুমার), তার স্ত্রী মোছা. খাদিজা বেগম (পূর্বের নাম শ্রীমতী মধুমিতা রানী) এবং তাদের কন্যা মোছা. ফাতেমা খাতুন (পূর্বের নাম শ্রীমতী পায়েল কুমারী) স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে পারিবারিকভাবে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন।
আব্দুর রহমান পেশায় একজন নাপিত এবং স্থানীয় বিজয় মোড়ে ভাড়া দোকানে কাজ করেন। ঈদের নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সামনে তাদের ইসলাম গ্রহণের বিষয়টি জানানো হলে সবাই তাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং নতুন জীবনের জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে তাদের সহায়তায় এগিয়ে আসেন। এতে তাকে নগদ প্রায় ৫৯ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এছাড়া চৈতন্যপুর-মহেশপুর কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি আব্দুল মতিন মেম্বার বাড়ি নির্মাণের জন্য জমি দেওয়ার ঘোষণা দেন। মেসার্স রনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্বাধিকারী মো. ওসমান গনি রনি ঘরের দরজা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং আরও কয়েকজন ঢেউটিনসহ অন্যান্য নির্মাণ সামগ্রী দেওয়ার আশ্বাস দেন।
রানীনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। এর সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে কোনো ধরনের জোরজবরদস্তি ছাড়াই তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। এতে আমরা সকলেই আনন্দিত।
এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: