[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

১১ মে পবিত্র কুরআন দিবস উপলক্ষে প্রবন্ধ রচনা প্রতিযোগিতা: অংশগ্রহণ করতে পারবেন ছেলে মেয়ে উভয়েই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৩:৫৫

সংগৃহিত ছবি

পবিত্র কুরআন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক চেতনা ও মননশীলতা বিকাশের লক্ষ্যে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।

আয়োজক সূত্রে জানা যায়, ১১ মে উদযাপিত পবিত্র কুরআন দিবস মুসলমানদের ঈমান, আমল ও জীবনবোধের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি তাৎপর্যপূর্ণ দিন। এ উপলক্ষে আল-কুরআনের শিক্ষা, নির্দেশনা ও আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও চিন্তাশক্তি বিকাশের উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার নির্ধারিত বিষয় “ঐতিহাসিক কুরআন দিবস মুসলমানদের প্রেরণা” হলেও সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রবন্ধ লেখার সুযোগ রাখা হয়েছে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। প্রথম স্থান অধিকারী পাবেন ল্যাপটপ, ক্রেস্ট ও সনদপত্র। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ট্যাব, ক্রেস্ট ও সনদ এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন স্মার্টফোন, ক্রেস্ট ও সনদ। এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের জন্যও ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রবন্ধ অবশ্যই মৌলিক হতে হবে এবং পূর্বে কোথাও প্রকাশিত হওয়া যাবে না। তথ্যভিত্তিক ও যুক্তিনির্ভর উপস্থাপনাকে মূল্যায়নে অগ্রাধিকার দেওয়া হবে। প্রবন্ধ হাতে লিখে জমা দিতে হবে এবং শব্দসংখ্যা ১০০০ থেকে ২৫০০-এর মধ্যে হতে হবে। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার ষষ্ঠ শ্রেণি থেকে অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন।

প্রবন্ধ পাঠাতে হবে ই-মেইলের মাধ্যমে ([email protected])। মেইলের সাবজেক্টে “প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ২০২৬” উল্লেখ করতে হবে এবং সঙ্গে অংশগ্রহণকারীর নাম, পিতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল ও মোবাইল নম্বর (হোয়াটসঅ্যাপ) প্রদান করতে হবে।

প্রবন্ধ জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর