চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় ভুল সিলেবাসের প্রশ্নে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ৩ শিক্ষককে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে তাহমিদুর রহমান নামের এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন। এরপরই বিষয়টি প্রকাশ্যে আছে।
ভুক্তভোগী শিক্ষার্থী তাহমিদুর রহমান উপজেলার কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে কানসাট সোলেমান মিঞা ডিগ্রী কলেজ কেন্দ্রের ৮ নম্বর কক্ষে তার বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। সেখানে তাকে বর্তমান সিলেবাসের বদলে ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়।
বিষয়টি তৎক্ষণাৎ কক্ষ পরিদর্শকদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি, বরং তাকে ওই ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে বাধ্য করেন। এমনকি পরীক্ষা শেষে এই নিয়ে কথা বলতে গেলে শিক্ষকরা তাকে গালিগালাজ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে আরও তিন সহপাঠীও একইভাবে ভুল প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ৩ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। তারা হলেন-বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান এবং দাইপুকুরিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ৪ পরীক্ষার্থীর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পরপরই রাজশাহী শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে যেন ওই পরীক্ষার্থীদের খাতাগুলো বিশেষভাবে মূল্যায়ন করা হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট তিন শিক্ষককে কেন্দ্রের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: