চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ এপ্রিল) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর রাত ৩টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।
বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির শূন্য লাইন থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। পরে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: