[email protected] শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল রুটে বাস চলাচল শুরু

এম. হাসান

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩

সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধে একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল রুটে বাস চলাচল আবারও শুরু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লা, আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) দিনভর বাস চলাচল বন্ধ থাকে। পরে রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার ভিত্তিতে রাত আনুমানিক ১টার দিকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

 

জানা গেছে, সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক দাবি করে অপর পক্ষকে দোষারোপ করে আসছিল। এর জেরে এক পর্যায়ে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

 

এদিকে, একইদিন রাতে পৌরসভার হরিপুর এলাকায় শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে শ্রমিক নেতাদের বৈঠক চলাকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন।

 

পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর রাতেই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলে শনিবার সকাল থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর