চাঁপাইনবাবগঞ্জ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশে মহানন্দা নদীতে নবনির্মিত রাবার ড্যাম এলাকায় জনসমাগম বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
তীব্র গরমে প্রতিদিনই স্থানীয়সহ দূরদূরান্ত থেকে মানুষ ড্যাম এলাকায় গোসল করতে আসছিলেন, যা একদিকে জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ, অন্যদিকে হুমকির মুখে ফেলছে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মহানন্দা নদীতে নির্মাণাধীন রাবার ড্যামটি মূলত শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে সেচ ব্যবস্থাকে কার্যকর রাখার জন্য বাস্তবায়ন করা হচ্ছে। ড্যামটির মাধ্যমে নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে কৃষিকাজে পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
তবে সম্প্রতি দেখা যাচ্ছে, অনেকেই কোনো ধরনের নিরাপত্তা সতর্কতা না মেনে ড্যামের মূল কাঠামোর ওপর উঠে গোসল করছেন এবং ঝুঁকিপূর্ণ আচরণ করছেন। এতে ড্যামের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে স্থাপনাটির ক্ষতির কারণ হতে পারে। এছাড়া পানির প্রবল স্রোত, পিচ্ছিল পৃষ্ঠ এবং অনিয়ন্ত্রিত ভিড়ের কারণে যেকোনো সময় দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে সরকারি সম্পদ রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ড্যাম এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্কতা করা এবং ড্যামের ওপর ওঠা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ জেলার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রকিবুল ইসলাম জানান, এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি, অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকে যায়। জনগণের ভিড় রোধ এবং জনসচেতনতা সৃষ্টি করতে আমরা বেলা বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত সেখানে অবস্থান করছিলাম। এবং সাথে সাথে বেশ কিছু সচেতনতামূলক ব্যানার ফেস্টুন ও টাঙানো হয়েছে।
তিনি আরো জানান, জেলা পুলিশ সুপারের সহযোগিতায় এখানে পুলিশের টহল শুরু করা হয়েছে। যা আগামী কয়েকদিন চলমান থাকবে। আশা করা যায়, আর কোন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হবে না।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: