[email protected] সোমবার, ৪ মে ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আইপিএস, হুইল চেয়ার ও চার্জার লাইট দিল স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন'

এম. হাসান

প্রকাশিত: ৪ মে ২০২৬, ০৮:৪০

জেলা হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ‘স্বপ্ন’ সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আইপিএস, হুইল চেয়ার ও চার্জার লাইট হস্তান্তর করছেন স্বেচ্ছাসেবীরা

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে এবং লোডশেডিংজনিত সমস্যা মোকাবেলায় সহায়তার হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলা হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ‘স্বপ্ন’ সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১টি আইপিএস, ৪টি হুইলচেয়ার এবং ১০টি চার্জার লাইট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাবুদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও ‘স্বপ্ন’ সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসা সেবায় প্রায়ই বিঘ্ন ঘটে। ‘স্বপ্ন’ সংগঠনের এই উদ্যোগ জরুরি মুহূর্তে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সহায়ক হবে এবং রোগীদের ভোগান্তি অনেকটাই কমাবে। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, হাসপাতালে আসা রোগীদের তীর্ব গরম ও লোডশেডিং এর কবলে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আলোর অভাবে রাতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনাও অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এছাড়াও হুইলচেয়ারের অভাবে বয়স্ক-প্রসূতি ও দুর্ঘটনার কবলে পড়া রোগীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। অবর্ণনীয় দুর্ভোগে পড়া এইসব রোগীদের কষ্ট লাঘবে স্বপ্নের এই উদ্যোগ নেয়া হয়েছে।


উল্লেখ্য, ‘স্বপ্ন’ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ, রক্তদান ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচালিত এই সংগঠনটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর