চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানোয়ারা বেগম এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া গ্রামের মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার বাবুপুর এলাকায় বৃষ্টির সময় ধানক্ষেতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মালেক।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃষ্টির মধ্যে ধানক্ষেতে কাজ করতে গেলে বজ্রপাতের শিকার হন আব্দুল মালেক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: