[email protected] শনিবার, ৩০ মে ২০২৬
১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ২৪ ব্যাচ

এম. হাসান

প্রকাশিত: ৩০ মে ২০২৬, ২১:৩২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ২০২৪ ব্যাচ। ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (৩০ মে) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২০১০ ব্যাচকে ৪-০ গোলে পরাজিত করে ২০২৪ ব্যাচ শিরোপা জিতে নেয়। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে ১৯৯৭ থেকে ২০২৬ সালের মধ্যে বিভিন্ন সময়ের প্রায় ২৩টি ব্যাচ অংশগ্রহণ করে। প্রতিটি ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

টুর্নামেন্টে ২০২৪ ব্যাচের মো. সিফাত সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। সেরা গোলকিপার নির্বাচিত হন ২০১০ ব্যাচের মো. খালিদ সাইফুল্লাহ। এছাড়া ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার পান আসিফ।

টুর্নামেন্টের আহ্বায়ক ইসমাইল হোসেন বাবুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মোতাহার হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শওকত হোসেন, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আ.ক.ম. সাহেদুল আলম বিশ্বাস পলাশ, মো. আব্দুর রহিম বিশ্বাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আন্তঃক্লাস ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের সুযোগই সৃষ্টি করে না, বরং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করে। এমন আয়োজনের মাধ্যমে বিদ্যালয় ও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার মানসিকতা গড়ে ওঠে।
বক্তারা সফল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দঘন পরিবেশ ও মেলবন্ধন সৃষ্টি হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর