[email protected] রবিবার, ৩১ মে ২০২৬
১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ঘোড়ার গাড়িতে শিক্ষকের বিদায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১৩:৪৩

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের দাইপুখুরিয়ার নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে সম্মান জানাতে প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করেন রাজকীয় বিদায়ের। অনুষ্ঠানের শেষে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

শনিবার (৩০ মে) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।

দীর্ঘ কর্মজীবনের পুরো সময় একই বিদ্যালয়ে দায়িত্ব পালন করা শফিকুল ইসলাম স্থানীয়ভাবে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত। এলাকাবাসীর ভাষ্য, তার আন্তরিক প্রচেষ্টা ও সুশৃঙ্খল নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হয়েছে। তার হাত ধরে গড়ে ওঠা অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায় অনুষ্ঠানে অনেক সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবককে অশ্রুসিক্ত হতে দেখা যায়।

বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মানুষ ও শিক্ষিত করে গড়ে তুলতে আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার কাছে পড়াশোনা করে অনেকেই আজ প্রতিষ্ঠিত হয়েছে। তবে তাদের হৃদয়ে আমার জন্য এত বড় জায়গা রয়েছে, তা কখনো ভাবিনি। আজ আমি সত্যিই গর্বিত ও আবেগাপ্লুত।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, নাসিম রানা মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রাক্তন শিক্ষার্থীরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর