[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন ২০২৬, ১৮:৩২
আপডেট: ০২ জুন ২০২৬ ১৮:০৬

ছবি-আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে ব্যাংক খাতের ‘লুটেরা ও দুর্নীতিবাজদের’ পুনর্বাসনের প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

মঙ্গলবার (২ মে) দুপুরে শহরের বাতেন খাঁর মোড়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতকে দুর্বল করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। এসব অর্থ দ্রুত দেশে ফিরিয়ে এনে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার দাবি জানান তারা।

এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— “ব্যাংক লুটেরা এস আলমের বিচার চাই”, “ডাকাত ও লুটেরাদের পুনর্বাসন চলবে না”, “পাচার হওয়া টাকা ফেরত দিতে হবে”, “ব্যাংক খাত ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে” ইত্যাদি।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত নিয়ে যারা অনিয়ম ও দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরত ও জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর