বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বুধবার (১৭ জুন) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এবং প্রাচীন গৌড়ের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেছেন।
সকালে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৌঁছে তিনি প্রথমে ঐতিহাসিক ছোট সোনামসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রাচীন গৌড় নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং এলাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহভরে খোঁজখবর নেন।
পরিদর্শনের এক পর্যায়ে রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা কার্যক্রম এবং সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি অবগত হন।
এ সফরে তিনি তহাখানা কমপ্লেক্স, হযরত শাহ নেয়ামতুল্লাহ (রহ.)-এর মাজারসহ প্রাচীন গৌড়ের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাকে বেশ আগ্রহী ও উচ্ছ্বসিত দেখা যায়। তিনি বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এসব স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক মূল্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্থাপনাগুলোর ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এ সফর চাঁপাইনবাবগঞ্জের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সড়কপথে সোনামসজিদ এলাকা ত্যাগ করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: