চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের অন্তর্গত মহানন্দা নদীর ওপর প্রস্তাবিত দেবীনগর-চরঅনুপনগর সংযোগ সেতু নির্মাণ প্রকল্পের সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশগত প্রভাব নিরূপণ ও অর্থনৈতিক সমীক্ষা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে দেবীনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রকল্পটির সম্ভাব্য পরিবেশগত প্রভাব, অর্থনৈতিক সুবিধা এবং স্থানীয় জনগণের মতামত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘদিনের এ সেতু নির্মাণ উদ্যোগের কার্যক্রম পূর্ব থেকেই বিভিন্ন পর্যায়ে চলমান থাকলেও বর্তমান সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের ধারাবাহিক প্রচেষ্টা ও তদবিরে প্রকল্পটির সমীক্ষা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সভায় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বক্তারা বলেন, মহানন্দা নদীর ওপর সেতুটি নির্মিত হলে দেবীনগর, শাহজাহানপুর, চরবাগডাঙ্গা ইসলামপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে, কৃষিপণ্য পরিবহন ব্যয় কমবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের স্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে পরিচালিত এ সমীক্ষা কার্যক্রমের আয়োজন করে ইপিএমএস (EPMS)।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, বিশিষ্টজন অধ্যাপক সাদিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: