‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এবং জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল ওদুদ।
আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের ভয়াবহতা তুলে ধরে এর অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: