সীমান্ত এলাকার তরুণদের চোরাচালানের ঝুঁকি থেকে ফিরিয়ে এনে দক্ষ জনশক্তিতে পরিণত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ৫৯ বিজিবি। এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’, যেখানে প্রথম ধাপে ২৫ জন বেকার যুবককে মোবাইল ফোন মেরামতের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫৯ বিজিবির ব্যবস্থাপনায় স্কিল সেন্টারটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা কেরামত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কেরামত আলী বলেন, সীমান্ত এলাকার তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, সীমান্ত এলাকার অনেক তরুণ অভাব-অনটন ও কর্মসংস্থানের সংকটে চোরাচালানের মতো ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েন। বিজিবির এই উদ্যোগের মাধ্যমে কোনো একটি পেশাগত দক্ষতা অর্জন করে সৎভাবে উপার্জনের সুযোগ তৈরি হলে তারা স্বাবলম্বী হতে পারবেন এবং চোরাচালান থেকেও দূরে থাকতে পারবেন।
বিজিবি রাজশাহী সেক্টরের নির্দেশনায় পরিচালিত এ উদ্যোগের প্রথম ধাপে সীমান্তবর্তী এলাকার ২৫ জন বেকার যুবক অংশ নিয়েছেন। চার সপ্তাহব্যাপী মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণের মাধ্যমে তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে গবাদিপশু পালনসহ আরও বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক রানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: