চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর সিসিডিবি খাসপাড়ায় প্রায় ৫০ বছর ধরে বসবাস করে আসা ৩১টি পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে ওই পরিবারগুলোর বাড়িঘর ভেঙে দিয়ে প্রায় ৮৮ শতক সরকারি জমি অবমুক্ত করা হয়। এ অভিযানে নেতৃত্বে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কের জন্য নির্ধারিত সরকারি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ বলেন, সরকারি জমিতে অবৈধ দখলের কারণে কয়েক দফা নোটিশ দেওয়ার পরও সংশ্লিষ্টরা সরেননি। ফলে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৮৮ শতক জমি দখলমুক্ত করা হয়েছে।
তবে হঠাৎ মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম বিপাকে পড়েছেন উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়ে তড়িঘড়ি করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং একটি বিশেষ পক্ষকে সুবিধা দিতেই প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে। এমনকি অভিযান চলাকালে রান্না করা খাবারটুকুও শিশুদের খেতে দেয়া হয়নি বলে দাবি করেন তারা। ৫০ বছর ধরে থাকা বসতবাড়ি হারিয়ে পরিবারগুলোর পুনর্বাসন নিয়ে এখন চরম উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: