পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের নিমতলা মোড় থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাতেন খাঁর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল ও সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম এবং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, সেই ধৈর্য ভাঙার চেষ্টা করা উচিত নয়। শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর সন্ত্রাসের মাধ্যমে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলেও তারা অভিযোগ করেন। তারা বলেন, অনেক রক্তের বিনিময়ে দেশের মানুষের ভোটের অধিকার আদায় করা হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশের মানুষ রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছে। ‘আপা আসবে, আসবে—ডিসেম্বরে আপা আসবে’—এমন বক্তব্য দেওয়া হলেও একের পর এক ডিসেম্বর চলে যাবে, কিন্তু তিনি দেশে ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন বক্তারা। তারা নেতাদের ‘পাতানো ফাঁদে’ পা না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীরা যেকোনো অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: