চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে সাফল্যের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন চার খুদে বিজ্ঞানী। দেশের দুটি রোবোটিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে তারা ইতালি ও জাপানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
এই চার তরুণ উদ্ভাবক হলেন নাচোল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মোসাব্বির, মো. নুরুজ্জামান, মো. নাহিদ হাসান ও মো. সালাউদ্দিন আহমেদ শান্ত।
গত ৪ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (UIU) অনুষ্ঠিত ‘ফিবোনাক্সি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড (FIRSO) বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৬’-এ অংশ নিয়ে তারা সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন।
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতালিতে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল/গ্লোবাল ফাইনাল রাউন্ড’-এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছে দলটি। বাংলাদেশ থেকে মোট পাঁচটি দল ইতালির এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে নাচোলের এই দলটি জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছে।
এরই মধ্যে ইতালির বিশ্বমঞ্চ নিশ্চিত করার পর গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট গেমস (WRG) 2026 – Bangladesh National Qualification Round’-এও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে তারা। প্রতিযোগিতায় দলটি অর্জন করে ‘বেস্ট টিমওয়ার্ক অ্যাওয়ার্ড’।
এই অর্জনের মাধ্যমে জাপানে আয়োজিত WRG-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার সুযোগও তৈরি হয়েছে তাদের। ফলে একই বছরে ইতালি ও জাপানের দুটি আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন নাচোলের এই চার শিক্ষার্থী।
আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের সঙ্গে রোবোটিক্স, কোডিং, ইঞ্জিনিয়ারিং, প্রবলেম সলভিং ও ইনোভেশনের মতো আধুনিক প্রযুক্তিগত দক্ষতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।
প্রান্তিক উপজেলা নাচোল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন এবং এরপর একের পর এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা তুলে ধরার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা। তাদের এই সাফল্য নাচোলের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: