অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১২শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ।
মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতে এ বর্ণিল আয়োজন করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন স্কুল মাঠে জেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক-সাঈদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১২শ শিক্ষার্থী এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের গলায় ফুলের মালা পরিয়ে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দিয়ে তাদের অর্জনের স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পথচলা আরও সুগম করতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: