চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।
স্থানীয়রা জানান, দুপুরে সুজন ও সাব্বির মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেবে নৌ-পুলিশ।
তিনি আরও জানান, নিহত দুই তরুণের মরদেহ বর্তমানে নিজ নিজ বাড়িতে রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: