চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফেরদৌসী খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ বছর বয়সী মহব্বত আলী। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে তাদের জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তাদের মৃত্যু হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাহবুব হাসান।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩০ বছর বয়সী ফেরদৌসি খাতুন চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার শিবতলা-চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী। অন্যদিকে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে জেলা শহরের আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহবুব হাসান জানান, ফেরদৌসী গতকাল (মঙ্গলবার) বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হয়। তার ডেঙ্গু পজেটিভ ছিল। অন্যদিকে, কিশোর মহব্বত একইদিন দিবাগত রাত ১১টায় ভর্তি হয়েছিল। তীব্র জ্বর ও শরীর ব্যথাসহ বিভিন্ন রোগের উপসর্গ থাকলেও পরীক্ষা করে তার দেহে ডেঙ্গুর উপস্থিতি পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে সে নিউমোনিয়ায় মারা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা হাসপাতাল জানায়, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আক্রান্ত হয়েছে ৮৭ জন৷ বর্তমানে জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১২১ ডেঙ্গু রোগি চিকিৎসাধীন। এই সময়ের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪জনকে স্থানান্তর করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: