‘পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নবী ফারহানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলু মিয়া।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পাঁচজন গুণী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: