আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক, বাংলাদেশ পূজা উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে। পাশাপাশি পূজা চলাকালে যেকোনো অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক গাড়ি প্রস্তুত রাখা হবে।
এ ছাড়া আজান ও নামাজের সময় পূজামণ্ডপে বাদ্যযন্ত্র ও মাইকের ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য মোতায়েনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১৬৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভা শেষে বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সম্ভাব্য সমস্যা ও মতামত তুলে ধরেন। পরে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: