চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধ এবং ডেঙ্গু আক্রান্ত ও ঝুঁকিতে থাকা অসহায়-দুঃস্থ মানুষের সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) বেলা ১১.০০ ঘটিকায় জেলা পরিষদ প্রাঙ্গণে এক মানবিক কর্মসূচির মাধ্যমে এলাকার শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।
উক্ত মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ হারুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ হারুনুর রশীদ বলেন, "ডেঙ্গু বর্তমানে একটি মারাত্মক জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত সুরক্ষাই ডেঙ্গু থেকে বাঁচার প্রধান উপায়। বিশেষ করে আমাদের সমাজের অসহায় ও দুঃস্থ মানুষেরা মশারি ব্যবহারের অভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।
জেলা পরিষদের এই ক্ষুদ্র চেষ্টা তাঁদের স্বাস্থ্য সুরক্ষায় কিছুটা হলেও স্বস্তি দেবে। জনগণের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব এবং এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
তিনি উপস্থিত সকলকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের অনুরোধ জানান, যাতে এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা সম্ভব হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত সুবিধাবঞ্চিত মানুষেরা জেলা পরিষদের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: