[email protected] সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে নূরুল ইসলাম বুলবুলের লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২২:০৯

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় পৌরসভার পিটিআই বস্তি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

বিশ্বরোড সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন, এডিস মশার লার্ভা ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে পৌরবাসীকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, পাশাপাশি এডিস মশার প্রজননস্থলও ধ্বংস করতে হবে। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর