[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

জাতীয় সংগীতে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রশিবিরের প্রতিবাদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৫, ২১:৩৯

ফাইল ছবি

শাহবাগে জাতীয় সংগীতে বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে উঠা অভিযোগকে ‘ঘৃণ্যতম মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খাঁন এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন বিক্ষোভ করে। এ সময় জাতীয় সংগীত চলাকালে গুটিকয়েক ব্যক্তি বাধা দিলে কিছু মহল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে মিথ্যাভাবে এর সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালায়।”

ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, ভিডিও ফুটেজ পর্যালোচনা করলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা সম্ভব। অথচ, ঘটনার সত্যতা যাচাই না করেই কিছু সংগঠন শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচার চালিয়েছে, যা দায়িত্বজ্ঞানহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “গতকাল রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে অনুষ্ঠিত জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে একাধিক ছাত্র সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং সেখান থেকেও শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো হয়েছে।”

ছাত্রশিবির বিবৃতিতে অভিযোগ করে, “এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সংগঠন ‘সাধারণ শিক্ষার্থীর’ ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগের পুরোনো বয়ান ফিরিয়ে আনার অপচেষ্টা করছে। এটি মূলত রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।”

এছাড়া, বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পথ পাড়ি দিয়েছে, তা থেকে সরে গিয়ে যারা বিভাজনের রাজনীতি করছে, তারা আসলে নয়া ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করছে।”

ছাত্রশিবিরের দাবি, জাতীয় সংগীতকে ঘিরে ইসলামপন্থা বনাম বাংলাদেশপন্থার মিথ্যা দ্বন্দ্ব তৈরি করার মাধ্যমে উগ্র বাঙালি জাতীয়তাবাদকে পুনরায় উস্কে দেওয়া হচ্ছে। সংগঠনটি এই প্রচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনায়’ ঐক্যবদ্ধ ছাত্র-জনতার আন্দোলনের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর