[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে আবারও শাহবাগ থানা ঘেরাও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১৪:৩৯

সংগৃহিত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ‘প্রকৃত’ জড়িতদের গ্রেফতারে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাবির শিক্ষার্থীরা।

রোববার (১৮ মে) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান।

এর আগে শুক্রবার (১৭ মে) একই দাবিতে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা শাহবাগ থানা ঘেরাও করেন এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় ফের কঠোর অবস্থানে যান তারা।


১৩ মে রাতে রমনা কালীমন্দিরের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত ১১টা ৪৫ মিনিটে সাম্য তার দুই বন্ধু আশরাফুল আলম রাফি ও মো. আব্দুল্লাহ আল বায়েজিদকে নিয়ে মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। একপর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও মো. পলাশ সরদার (৩০)। তবে শিক্ষার্থীদের অভিযোগ, এখনও মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মারুফা জানান, “শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওসি স্যারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন।”


শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর