[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

আচরণবিধি মানতে রাজনৈতিক দলগুলো এখন বেশি সচেতন: ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:২০

ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের তুলনায় বর্তমানে রাজনৈতিক দলগুলো নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলার বিষয়ে অনেক বেশি সচেতন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি বলেন, “জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে। অথচ আমাদের হাতে রয়েছে আইন-কানুন ও অস্ত্র-সরঞ্জাম। তাহলে আমরা কেন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো না?”

তিনি আরও বলেন, স্থানীয় গ্রাম-পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা তাদের এলাকায় বহিরাগতদের উপস্থিতি, জীবিত-মৃত ব্যক্তিদের তথ্য ভালোভাবে জানেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের তথ্য ও সোর্সকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

নির্বাচন কমিশনার বলেন, একটি ভালো নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরিবেশ শান্তিপূর্ণ হলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে। তিনি জোর দিয়ে বলেন, “ভোটার কর্তৃক ভেরিফাই না হওয়া কোনো ব্যালট গ্রহণ করা হবে না। লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করতে হবে, অন্যথায় সে ভোট গণনায় আসবে না।”

তিনি আরও উল্লেখ করেন, এটি একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের বাস্তবায়ন। কোনোভাবেই এই প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিজিবি-৪ ব্যাটালিয়নের সিইও মো. মোশারফ হোসেন, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন আহম্মেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর