[email protected] রবিবার, ১৫ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

জামায়াত কর্মী হত্যা মামলার আসামির সঙ্গে এমপির সেলফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:৫৪

সংগৃহিত ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলার সাকোয়া গ্রামে ঈদের জামায়াতের ইমাম নির্ধারণকে কেন্দ্র করে গত ৮ মার্চ বিএনপি ও জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে জামায়াত কর্মী আলাউদ্দিন নিহত হন। এ ঘটনায় মোহনপুর থানায় দায়ের করা হত্যা মামলার সাত আসামির একজন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কেশরহাট পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল।

আলাউদ্দিনের মৃত্যুর পর ওই রাতেই রাসেলের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছে মোহনপুর থানা পুলিশ। তবে শুক্রবার (১৩ মার্চ) রাজশাহী বিমানবন্দরে রাজশাহী-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শফিকুল হক মিলনের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন রাসেল।

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম। তারপর কেশরহাটে ইফতার মাহফিলে যোগদানের উদ্দেশে রওনা।” পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি ফেসবুক থেকে ছবিগুলো সরিয়ে ফেলেন।

মোহনপুর থানার ওসির দায়িত্বে থাকা পুলিশের এসআই মোদাশ্বের হোসেন খান বলেন, আলাউদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। বিমানবন্দর ও ইফতার মাহফিলে আসামিদের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, “বিমানবন্দর মোহনপুর থানার আওতার মধ্যে নয়। আর ইফতার মাহফিলে কেউ ছিল কি না, সে বিষয়ে আমাদের জানা নেই।”

এ বিষয়ে কেশরহাট পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোখলেসুর রহমান বলেন, “এয়ারপোর্ট থেকে হত্যা মামলার প্রধান আসামি মোহনপুর থানার সামনে দিয়ে ইফতার মাহফিলে গেলেন। আর পুলিশ বলছে তাঁকে খুঁজে পাচ্ছে না। এটা আমাদের কাছে বিস্ময়কর। আইনের শাসন কোথায়?”

অন্যদিকে হত্যা মামলার আসামির সঙ্গে সেলফি তোলার বিষয়ে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, কে তাঁর সঙ্গে সেলফি তুলেছেন, তা তিনি বুঝতে পারেননি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর