চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান যাচাই করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ড. মু. মিজানুর রহমান।
রোববার (দুপুর) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে তিনি ওয়ার্ডে গিয়ে রোগীদের খাবার নিজে খেয়ে দেখেন এবং খাবারের গুণগত মান যাচাই করেন। যা অনন্য নজির স্থাপন করেছে স্থানীয়দের মাঝে।
এর আগে অনুষ্ঠিত মাসিক সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। রোগীসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, হাসপাতালের সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজে উন্নত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শামসুজ্জামান আলকেশ, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: