দেশের বিভিন্ন হাট-বাজারে আম, পেঁয়াজসহ অন্যান্য কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সময় ওজন কারচুপির অভিযোগে সতর্কবার্তা জারি করেছে কৃষি বিপণন অধিদপ্তর।
সোমবার (২৭ এপ্রিল) কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক নাসির-উদ-দৌলার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কতা জারি করা হয়। অফিস আদেশে জানানো হয়েছে, আম, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রয়ের ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী ইচ্ছাকৃতভাবে ওজন কমিয়ে কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী ‘ধলতা’ বা ‘শুকনা’ গ্রহণের অজুহাতে কৃষকদের কাছ থেকে নির্ধারিত ওজনের অতিরিক্ত পণ্য নেওয়ার অভিযোগ উঠেছে।
অধিদপ্তরের তথ্যমতে, অনেক ক্ষেত্রে প্রতি ৪০ কেজি পণ্যের বিপরীতে ২ থেকে ৬ কেজি পর্যন্ত অতিরিক্ত পণ্য দিতে বাধ্য করা হচ্ছে কৃষকদের, যা সরাসরি তাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ধরনের কার্যক্রমকে অনৈতিক উল্লেখ করে বলা হয়েছে, এটি ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর অধ্যায় ৪-এর ২৯ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
অধিদপ্তরের তথ্যমতে, পণ্য বিক্রয়ের সময় প্রতি কেজিতে নির্ধারিত ওজনের চেয়ে প্রায় ৮০ গ্রাম পর্যন্ত কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, যা বিদ্যমান আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। একইসঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের বিষয়টি নজরদারিতে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: