ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রডবোঝাই একটি ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোরে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। ট্রাকে থাকা অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।
খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধার কাজের কারণে ভোর ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচলের ব্যবস্থা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন, “বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও জানান, পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: