[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

মাদকের সঙ্গে জড়িত হলে দলীয় নেতাকর্মীদেরও ছাড় দেয়া হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬, ১৭:৩১

সংগৃহিত ছবি

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন, সমাজে তাদের কোনো স্থান হবে না। এমনকি নিজের আত্মীয় বা দলের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাদের সঙ্গে কোনো আপস করা হবে না।

শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া পর্যন্ত ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “মাদক কারবারি যদি আমার আত্মীয় কিংবা দলের কেউও হন, তার সঙ্গেও কোনো আপস করা হবে না। দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা, তা দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন, তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

তিনি আরও বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রামীণ এলাকায় রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব উন্নয়নকাজের মান নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ঠিকাদার তার আত্মীয় বা দলের লোক হলেও কোনো ছাড় দেওয়া হবে না। এলাকাবাসী যেন ঠিকাদারের কাছ থেকে মানসম্মত কাজ বুঝে নেন এবং এ ক্ষেত্রে কেউ যেন অন্যায্য বা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা না করেন, সে আহ্বানও জানান তিনি।

সড়কের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নে সিরিজ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

এর আগে সকালে যশোর জিলা স্কুলে প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন গাছের চারা তুলে দেন। পরে জিলা স্কুলের ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর